নিউজ ডেস্ক:
হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে সানী নামে ৭ বছরের এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ৪-৫ জনের একটি দলের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা।
সানী ওই এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারের দাবি, রাতের আঁধারে ৪-৫ জনের একটি দল ঘরে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। তবে কারা তাকে নিয়ে গেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সানীর চাচা ফরহাদ বলেন, তাকে খোঁজা হচ্ছে। বিষয়টি এলাকার ময়মুরুব্বিদের জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে নিখোঁজ সানীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তার সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।